দৌলতদিয়া বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:০৯ এএম
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সকাল থেকে ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি স্পিডবোট নিয়ে আশপাশের এলাকায় খোঁজ করা হচ্ছে, যাতে ভেসে আসা কোনো মরদেহ থাকলে তা উদ্ধার করা যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। তাই যদি আরও মরদেহ থাকে, সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে।
এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।



