ধরলা নদীর উপর বাংটুর ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম
কুড়িগ্রামের ধরলা নদীর উপর ফুলবাড়ী উপজেলা ও কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যে সংযোগ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরের ধরলা নদীর তীরবর্তী আরডিআরএস বাজার এলাকা থেকে পেড্ডার মোড় পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে দুই উপজেলার মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবাগ্রহীতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংটুর ঘাট এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।
তারা দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতু নির্মাণের জন্য সরকারের আশু উদ্যোগ গ্রহণের দাবি জানান।



