শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা গুরুতর আহত, মোটরসাইকেল চালকের মানবিক চেষ্টা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ছোনকা বাজারের আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত বৃদ্ধা স্থানীয় ছোনকা বাজারের পিয়াজু ব্যবসায়ী আইয়ুব আলীর মা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, মোটরসাইকেল চালকের কোনো গাফিলতি ছিল না। বরং বৃদ্ধাকে বাঁচানোর জন্য চালক সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



