বগুড়ায় শহীদ পুলিশ সদস্যদের পরিবারে ঈদ উপহার
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম
বগুড়ায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
এ সময় তিনি শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আইজিপি প্রেরিত ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই ত্যাগ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বীর শহীদদের পরিবারগুলোর কল্যাণে বগুড়া জেলা পুলিশ সবসময় সহমর্মিতার সঙ্গে পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।



