স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্মকর্তা বরখাস্ত
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবিসহ স্ট্যাটাস আমার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে গিয়ে ব্যবস্থা নিয়েছি। একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিজীবী হয়ে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অশালীন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে।
এতে আরো বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এ অবস্থায় কর্তৃপক্ষের আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



