Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি

কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের বহনকারী গাড়ি ট্রাকের ধাক্কায় খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার বেইলি সেতু–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ সামান্য আহত হন। তবে গাড়িচালকসহ দুই সহযাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় আছেন এবং শঙ্কামুক্ত।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, এটি পরিকল্পিত কোনো হামলা নয়; সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন ঘটনা প্রায়ই ঘটছে। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান এবং এমপির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন