কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় গরুসহ ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টার দিকে আচমিতা ইউনিয়ন জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের খালেক মিয়ার ছেলে।তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ঘাস খাওয়া অবস্থায় গরুসহ কৃষককে ধাক্কা দিয়ে উল্টে যায় ট্রাকটি। সেই ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই গরুসহ কৃষক ইমন মিয়ার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



