ইচ্ছা থাকলে উপায় হয়, দেশ নায়ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সম্পদের উপর নির্ধারিত পরিমাণ জাকাত দিতে হয়। তাই জাকাত যারা নিচ্ছেন, এটা তাদের প্রাপ্য। বরং তারা জাকাত দাতাদের উপকার করছেন। ফরজ আদায় করতে তারা সাহায্য করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখেন। এ রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন, এটা তার দূরদর্শিতার প্রমাণ। ক্ষমতায় বসার পর একমাসের আগে যে আটটি কাজকে অধিক প্রাধান্য দিয়েছেন একমাসের আগেই তা করে দেখিয়েছেন। ইচ্ছা থাকলে উপায় হয়, দেশ নায়ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
শনিবার (১৪ মার্চ) হাটহাজারী উপজেলায় সরকারি জাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এপ্রিল মে মাসে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর মনে করেন আমরা যদি আগেই প্রতিরোধ করতে পারি তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকাংশে হ্রাস পাবে। মানুষের যেমন একদিকে দুর্ভোগ কমবে ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর জরুরি স্বাস্থ্যসেবার যে চাপ থাকে তাও অধিকাংশ কমে আসবে।
হাটহাজারী পৌরসভায় জলাবদ্ধতা মানুষের সৃষ্টি উল্লেখ করে তিনি আরও বলেন, পরিদর্শনে দেখেছি কীভাবে প্রতিটি ড্রেনে ফাইলিংয়ের মাটি আর বাসাবাড়ির বর্জ্যে স্তূপ হয়ে আছে। একদিকে আমরা নিজেরা অসচেতন অপরদিকে প্রশাসনের সমালোচনা করছি প্রতিনিয়ত। আমাদের সচেতন হতে হবে, পলিথিনে বাসার বর্জ্য ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখতে হবে। খুব শিগ্গির বর্জ্য থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, এসিল্যান্ড শাহেদ আরমান, আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজনে ফতেপুর ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণের উদ্বোধন করেন।



