Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

টেকনাফে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ‘বিয়ের প্রলোভনে কিশোরীকে তুলে নিয়ে’ চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার ( এএসপি ) আ. ম. ফারুক।

গ্রেপ্তার নেওয়াজ শরীফ (২৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আমির আলীর ছেলে।

মামলার নথির বরাতে এএসপি আ. ম. ফারুক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে আসে জিয়াবুল হক নামের এক যুবক। পরে তাকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ মিলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র্যাবের ও সহকারি পরিচালক জানান, ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। শুক্রবার ( ১৩ মার্চ ) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মামলার এজাহারভূক্ত এক আসামি অবস্থানের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে অভিযানস্থল ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, এএসপি আ. ম. ফারুক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন