সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বাদ আছর পুরাতন থানা ভবন প্রাঙ্গণে সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ সভাপতিত্বে ও সোনারগাঁ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু। এছাড়াও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি খাইরুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে সোনার বাংলাকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংসদ আজহারুল ইসলাম মান্নান ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যার সুফল সোনারগাঁবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে। পরে সকলের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সহজ হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে সোনারগাঁয়ের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



