রূপগঞ্জে শীর্ষ মাদককারবারি আবু হানিফসহ আটক ২
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় মাদককারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদককারবারি আবু হানিফসহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার (১১ মার্চ) উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা।
এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২টার দিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১টি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে। এসময় মাদককারবারিরা বাঁচতে ও এলাকায় আতঙ্ক তৈরি করতে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়।
হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা আদায় করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ আরো জানান।



