Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দিলেন বিয়াম স্কুলের শিক্ষক-কর্মচারীরা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

বগুড়ায় দরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দিলেন বিয়াম স্কুলের শিক্ষক-কর্মচারীরা

নিজেদের ইফতার আয়োজনের খরচ বাঁচিয়ে ৪০০ জন দরিদ্র ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি তৌফিকুর রহমান। শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এটি ছিল সপ্তমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজন।

প্রতিবছর রমজানে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে স্কুল ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। তবে ২০২০ সাল থেকে তারা সেই আয়োজন বন্ধ করে ইফতারির খরচ দরিদ্র মানুষের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদ উপহার।

এবার ৪০০টি পরিবারের জন্য ১০ কেজি ওজনের খাদ্যসামগ্রীর ব্যাগ প্রস্তুত করা হয়। প্রতিটি ব্যাগে চাল, ডাল, আটা, সেমাই, চিনি, পিয়াজ ও তেলসহ মোট ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। প্রতিটি ব্যাগের মূল্য প্রায় এক হাজার টাকা। সব মিলিয়ে প্রায় চার লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তাদের অনেকেই জানান, এমন সহায়তা ঈদের আগে তাদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষক-কর্মচারীদের নিয়ে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা সব সময়ই মানবিক কাজে এগিয়ে আসেন, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন