বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ জনপদে মাদকদ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে নারীসহ দুই মাদকসেবীর ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান মাদকসেবীদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকা মণ্ডলের ছেলে ফুল মিয়া (৩২) ও সোহরাব আলী মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামটি এলাকায় মাদকসেবীদের আখড়া নামে পরিচিত। ওই গ্রামে অবাধে মাদকদ্রব্য সেবন ও ব্যবসা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ফুল মিয়া ও রোকেয়া খাতুন মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের দল সেখানে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।



