Logo
Logo
×

সারাদেশ

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৪৯৬ নারীর মোবাইলে পৌঁছেছে ২,৫০০ টাকা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৪৯৬ নারীর মোবাইলে পৌঁছেছে ২,৫০০ টাকা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ী গ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে ৪৯৬ জন নারীর মোবাইলে ২ হাজার ৫০০ টাকা পৌঁছেছে। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ওই ওয়ার্ডে ৮৬৮টি পরিবারে জরিপ চালিয়ে ৫৪৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে আজ ৪৯৬ জন উপকারভোগীর মোবাইল ফোনে অর্থ প্রেরণের বার্তা পৌঁছায়।

ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে পাইলট প্রকল্পের আওতায় বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কার্যালয় বগুড়ার উপপরিচালক রকনুল হক।

 এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। তিনি বলেন, সরকারের এই উদ্যোগ মূলত প্রান্তিক পর্যায়ের নারীদের সহায়তা ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সকালেই উপকারভোগীদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। 

ফ্যামিলি কার্ড পেয়ে এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে আনন্দ দেখা গেছে। তারা সরকারি সহায়তায় উন্নত জীবনযাপনের আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন