চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৭২০৪ টন ডিজেলবাহী ট্যাংকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর ১০ দিন পর সোমবার (৯ মার্চ) প্রথমবারের মতো এ ধরনের ডিজেলবাহী ট্যাংকার বন্দরে আসে বলে বন্দর সূত্রে জানা গেছে। বর্তমানে ট্যাংকারটি কুতুবদিয়ার কাছে নোঙর করেছে।
বন্দর সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ট্যাংকার বন্দরে পৌঁছাবে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্যাংকারগুলো এক সপ্তাহের মধ্যেই পৌঁছাবে এবং বন্দরে পৌঁছানোর পর পর্যায়ক্রমে ডিজেল খালাস শুরু হবে।
এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা পাঁচটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল রয়েছে। এর মধ্যে সোমবার রাতে সিঙ্গাপুর থেকে প্রায় ৩০ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ‘এসপিটি থেমিস’ বৃহস্পতিবার ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে আসবে। আরও দুটি ট্যাংকার ‘র্যাফেলস সামুরাই’ ও ‘চাং হাং হং তু’ শনিবার বন্দরে পৌঁছাতে পারে, প্রতিটিতে প্রায় ৩০ হাজার টন ডিজেল থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৭০ শতাংশই ডিজেল, যার বেশিরভাগ সরাসরি আমদানি করা হয়। প্রতিদিনের স্বাভাবিক চাহিদা প্রায় ১২ হাজার টন। নতুন পাঁচটি ট্যাংকারের ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। তবে মজুত ধরে রাখতে সরকার দৈনিক সরবরাহ কমিয়ে ৯ হাজার টনে নামিয়েছে, এতে ১৬ দিনের চাহিদা মেটানো যাবে। বর্তমানে বিদ্যমান মজুতসহ নতুন চালান মিলিয়ে প্রায় এক মাসের ডিজেল চাহিদা পূরণ করা সম্ভব হবে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, ২৭ হাজার টন ডিজেলবাহী একটি ট্যাংকার পৌঁছেছে। তবে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা ট্রাফিক বিভাগ থেকে এখনো জানানো হয়নি।



