কুড়িগ্রামের সদর উপজেলায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হলোখানা ইউনিয়নের মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।



