বগুড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিএনপি নেতার কাছ থেকে চাঁদা আদায়, সাবেক ওসি কারাগারে
বগুড়া অফিস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে করা মামলায় বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বলকে আতাইল চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করেন তৎকালীন ওসি আলমগীর হোসেন। তাঁকে থানায় নেওয়ার পর ওই রাতেই ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে প্রাণভয়ে উজ্জ্বল তাঁর পরিবারের মাধ্যমে তিন লাখ টাকা এনে ওসিকে দেন বলে অভিযোগে বলা হয়েছে।
পরদিন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফজলুল হক উজ্জ্বল বলেন, বিভিন্ন অভিযোগের কারণে ২০২২ সালে ওসি আলমগীর হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর তিনি বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলমগীর হোসেন তাঁর কাছে ক্ষমা চান এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে দাবি করেন তিনি। তবে দীর্ঘদিনেও টাকা ফেরত না দিয়ে তিনি টালবাহানা করতে থাকেন।
এ কারণে গত বছরের জুলাই মাসে উজ্জ্বল আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
পরে আদালত থেকে সমন পেয়ে সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আলমগীর হোসেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাঁকে কারাগারে নেওয়া হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।



