মেঘনা নদীর মনোরম পরিবেশে জামায়াতের ইফতার মাহফিল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি : মেঘনা নদীতে জামায়াতের ইফতার মাহফিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (৮ মার্চ) বিকেলে নৌকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি ও সাংবাদিক হাজী মো. শাহ্জালাল মিয়া।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো. হাবিবুর রহমান, আইনজীবী ও সাংবাদিক মোক্তার হোসেন মোক্তাদি, অফিসার্স ফোরামের সভাপতি শরীফ আহম্মদ প্রমুখ।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।



