কক্সবাজারে চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
কক্সবাজার শহরের পল্লাইন্যা কাটা এলাকায় চাঁদা না দেওয়ায় গণেশ পাল নামের এক যুবককে ছুরিঘাকাতে হত্যা করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।
নিহত গণেশ পাল (৪০) ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি মো. ছমি উদ্দিন বলেন, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণ কাজ করছিলেন। এ সময় একই এলাকার মো. জিসান নামের এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গনেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় গনেশ পালকে তার পরিবার ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ইতোমধ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।



