রূপগঞ্জে ৪ কেজি গাঁজা ও নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,রূপগঞ্জ থানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোররাত আনুমানিক ০৩:৩৫ ঘটিকার সময় মাদক কেনাবেচার খবর পেয়ে চনপাড়া এলাকায় ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মাদকসহ হাতেনাতে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-বরকত উল্লাহ ছেলে তানজিল(২৫),মৃত বেলায়েত হোসেন ছেলে ইব্রাহিম (২৮),মৃত গিয়াস উদ্দিন ছেলে তপন (২৯),সিরাজ মিয়া মেয়ে জ্যোতি(২০) চারজনই রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা।
তল্লাশিকালে আসামিদের কাছে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে চনপাড়া ও এর আশপাশের এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদক সরবরাহ করে আসছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



