ছবি : সংগৃহীত
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়া সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার মৃত রুখিলালের ছেলে উত্তম বাঁশফোড় (৩০), চক সূত্রাপুর এলাকার আমজাদ শেখের ছেলে মো. স্বপন শেখ (২৫) এবং গাবতলী উপজেলার দাড়াইল এলাকার আনসার আলীর ছেলে মো. সবুজ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। উদ্ধার হওয়া গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।



