বগুড়ায় স্বামীর ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী রাজু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে লিলি খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাত আটটার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে স্বামীর ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে চুনিয়াপাড়া গ্রামের রাজু মিয়ার সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। জীবিকার তাগিদে রাজু যমুনা নদীতে নৌকা চালান। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে রাজু মিয়া অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করেন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
বুধবার বিকেলে রাজু মিয়া কর্মস্থলে এবং লিলির শ্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ সময় বিকেল চারটার দিকে রাজুর ঘরের ভেতরে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিলি খাতুনকে দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



