নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়াবাহিনী প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবুকে’ ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লিটন নামে তার আরেক সহযোগীকেও ছুরিকাঘাত করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, ভোরে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবু মারা গেছেন। লিটন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, কারা তাদের মেরেছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে।



