কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী অঙ্গনের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম
কিশোরগঞ্জে একটি সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, নারী স্বেচ্ছাসেবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে “যৌক্তিক প্রতিবাদ কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী অঙ্গন”।
বুধবার (০৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নতুন দিগন্ত সামাজিক সংগঠনের মুখ্যপাত্র সৈয়দ জাকির হোসাইন মাহফুজ বলেন, রক্তবন্ধু কল্যাণ সংস্থা-এর সাধারণ সম্পাদক গত ২৪ জানুয়ারি ছয় স্বেচ্ছাসেবীর নামে সদর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগটি ভিত্তিহীন বলে রিপোর্ট দেওয়া হয়। এরপর সংগঠনটির বিরুদ্ধে রক্তদানের নামে অনৈতিক আর্থিক লেনদেন ও অসদাচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকে একজনকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয় এবং সভাপতি দুঃখ প্রকাশ করেন।
তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন বক্তব্য দিয়ে সালিশের সিদ্ধান্ত অস্বীকার করা হয় বলে অভিযোগ করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং কিছু স্বেচ্ছাসেবী, বিশেষ করে নারী সদস্যরা, অনলাইন হয়রানির শিকার হন বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সালিশের সিদ্ধান্ত অমান্য করে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে সংগঠনটিকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা ও বয়কটের সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলার প্রায় ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমর্থনের কথা জানানো হয়। ভবিষ্যতে মানহানি বা সাইবার বুলিং হলে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শরিফুল আলম আরেফিন জানান, তাদের সংস্থার ক্রমবর্ধমান সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে রক্ত বিক্রির অভিযোগ ছড়াচ্ছে। আর রক্ত বিক্রির প্রমাণ হিসেবে যেসব স্ক্রিনশট দেখানো হচ্ছে, সেগুলোর একটিতে দেখা যায় এক স্বেচ্ছাসেবী কোনো এক ডোনারের জন্য দুই হাজার টাকা চেয়েছিলেন ট্যুরে যাওয়ার জন্য। তবে বিষয়টি জানার পর তাকে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেলফলেস অর্গানাইজেশনের এডমিন মোঃ মুর্শিদ, কিশোরগঞ্জ ব্লাড যুব সংগঠনের জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রক্তকমল মানবিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ জুয়েল মিয়া, স্বপ্নছোয়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু বক্কর সিদ্দিক, চৌদ্দশত বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মানবতার ডাকবাক্সের এডমিন আল মোস্তাকিম রনি, কিশোরগঞ্জ যুবশক্তি ব্লাড ডোনেশনের এডমিন সুরাইয়া সুরা, রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদানের এডমিন শাহরিয়ার পরান, রক্তকমল মানবিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আতিকা ইসলাম ও চান্দপুর ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ লাদেন মিয়া।



