সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরার মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা রমিজ আলী।
গত রোববার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক ইরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছিলেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে গভীর রাতে শ্বাসনালিতে জটিলতা দেখা দিলে তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়ার পর ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা রমিজ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নিষ্পাপ ভাতিজিকে বাঁচাতে পারলাম না। কে আমাকে চাচ্চু বলে ডাকবে? যে বা যারা তাকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”



