শেরপুরে চাঁদাবাজি মামলায় কলেজ শিক্ষকসহ গ্রেপ্তার ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সীমাবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূর নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক আলী রেজা বিশ্বাস (৫০) এবং শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের তৌহিদুর রহমান ওরফে বাবু (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিয়াম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির সিকিউরিটি ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে শেরপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি আসামিরা কোম্পানির সামনে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেন।
তবে মামলার ৫ নম্বর আসামি ফাহিম ফয়সালের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তার অভিযোগ, এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড-এর শিল্পবর্জ্যে করতোয়া নদী ও বাঙালি নদী-র পানি দূষিত হচ্ছে। এ অভিযোগে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রায়গঞ্জ ও শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শান্তিপূর্ণ ওই আন্দোলন দমন করতেই কোম্পানির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে নদী দূষণের অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আলী রেজা। তিনি বলেন, তাদের নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) রয়েছে এবং নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ সঠিক নয়।



