বিসিএল ওয়ানডে
হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্যে ইস্ট জোনের প্রথম জয়
বগুড়া অফিস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজিত ১২তম আসরের ওয়ানডে সংস্করণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ এক লড়াই উপহার দিল ইস্ট জোন। শহীদ চান্দু স্টেডিয়ামে পেসার হাসান মাহমুদর অলরাউন্ড নৈপুণ্যে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় ইস্ট জোন।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ইস্ট জোন। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান হাসান মাহমুদ। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৩৫ রান করে দলকে জয় এনে দেন তিনি। ম্যাচসেরা নির্বাচিত হন এই পেসার।
শনিবার সকালে টসে জিতে ইস্ট জোন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে সাউথ জোনের ওপেনার আনিসুল ইসলাম একপ্রান্তে লড়াই চালিয়ে যান। তবে অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় সাউথ জোন। আনিসুল দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া রবিউল ৩১, শহিদুল ২৮ ও আফিফ হোসেন ২৪ রান যোগ করেন।
ইস্ট জোনের হয়ে হাসান মাহমুদ ও নাঈম হাসান ৩টি করে উইকেট নেন। নাসুম আহমেদ শিকার করেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্ট জোন। এরপর শাহাদত হোসেন দিপু ও মমিনুল হক দলকে কিছুটা স্বস্তি দেন। দিপু ৪২ ও মমিনুল ২৯ রান করে আউট হলে আবারও ম্যাচ হেলে পড়ে সাউথ জোনের দিকে।
তবে শেষদিকে একাই লড়াই চালিয়ে যান হাসান মাহমুদ। ধীরে ধীরে ইনিংস গড়ে তুলে ম্যাচ নিয়ে যান শেষ মুহূর্তে। তার দৃঢ় ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই ১ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে ইস্ট জোন।
সাউথ জোনের হয়ে সৌম্য সরকার ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।
এই জয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল ইস্ট জোন।



