Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের তিন বাসে আগুন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

চাঁদপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের তিন বাসে আগুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি বাস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপর দুটি বাস আংশিক পুড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, মুন্সীরহাট দক্ষিণ বাজার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) একটি বাসে প্রথম আগুন দেখতে পান পথচারীরা। তারা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইউসুফ আলী জানান, দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আগুনে জৈনপুর এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া (ঢাকা মেট্রো ব-১৪-৪৫৩৯) ও (ঢাকা মেট্রো ব-১৫-৬৯) নম্বরের দুটি বাস আংশিক ক্ষতির শিকার হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়দের একটি অংশের অভিযোগ, বাসের এক হেলপারের সঙ্গে কারও মনোমালিন্যের জেরে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয়।

বাসের মালিক কামাল হোসেন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত না দেখে কিছু বলতে পারবেন না। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মতলব দক্ষিণ থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেও আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন