শীলাদেবী ঘাটে সাড়ে ৭ কোটি টাকার ঝুলন্ত সেতু, শিবগঞ্জে ৩ কোটি টাকায় ডাকবাংলো
বগুড়া অফিস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাতিবাঁধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে করতোয়া নদীর ওপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেতুটি নির্মিত হলে করতোয়া নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে যে বিচ্ছিন্নতা তৈরি হয়, তা অনেকাংশে কমে আসবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ ও দ্রুততর হবে। এতে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
এর আগে শিবগঞ্জ উপজেলা সদরে ৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। এতদিন সেখানে কোনো ডাকবাংলো ছিল না। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিবগঞ্জসহ সারাদেশের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পরে তিনি জুমার নামাজ আদায়ের জন্য ঐতিহাসিক মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার পরিদর্শন করেন। নামাজ শেষে দোয়া ও জিয়ারত করেন। এরপর বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আগত শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।



