তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে পরিকল্পিত হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল হোতা নূর মোহাম্মদ নূরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন ডিআইজি ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি বলেন, এই ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যেই সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও হোসেন বাজার এলাকার গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণের সাথে জড়িত দুজন এবং সালিশকারী তিন জনসহ মোট পাঁচজন রয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সমেয়র মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন। সেই সাথে তিনি আশ্বাস দেন, কোনো অপরাধীরাই রেহাই পাবে না। ঘটনাটি অতীব গুরুত্বের সাথে দেখছে পুলিশ বিভাগ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, কিশোরীকে নৃশংস ও নিষ্ঠুরভাবে ধর্ষণের পর হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর পরই নরসিংদীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে।
তিনি আরও বলেন, ধর্ষণকারীদের পক্ষ যাতে কেউ কোনো সহানুভূতি না দেখায় এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, নৃশংস, নিষ্ঠুর এই হত্যাকাণ্ড এবং এই ধর্ষণের সাথে যারা জড়িত, যাদের আইনের আওতায় নেয়া হয়েছে তাদেরকে যে কোনো আইনি সহায়তা না দেওয়া হয়।
খায়রুল কবির খোকন বলেন, যাতে অপরাধীরা বুঝতে পারে, অপরাধ করলে আইনি সহায়তা পাবে না, তখন ভয়ে সমাজে অপরাধও কমে যাবে। তবে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কে কোন দল করে, কে কোন দলের, কোন মতের, সেটা দেখার বিষয় না। অপরাধীদের কোনো দল নেই, তারা অপরাধী, অপরাধী হিসেবেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের ব্যাপারে জিরু টলারেন্স। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এছাড়াও এমপি সমাজের সচেতন মহলের কাছে আবেদন জানিয়েছেন, যারা এ অপরাধের সাথে জড়িত, তাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে।
নিহত আমেনার লাশের ময়নাতদন্ত নরসিংদী সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির এর নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করেন। লাশ এখনো মর্গে রয়েছে।
এ বিষয়ে নিহতের মা ফাহিমা বেগম জানান, কোথায় লাশ দাফন করা হবে, তা অনিশ্চিত। নিহত আমেনার মা ফাহিমা বেগম, সৎ বাবা আশরাফ মিয়া ও ভাই সিফাত এখনো মাধবদী থানায় রয়েছে।



