Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ দিন পর মামলা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ দিন পর মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার দুই বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় আরও কয়েকজনের সহায়তার অভিযোগ রয়েছে। ঘটনার ১১ দিন পর শিশুটির বাবা নবী হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে ছানোয়ার (৬৫) ও নুরুকে (৬৭)। এছাড়া নয়ন (৪৮) ও ফালানসহ (৫০) ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি কাঠবাগানে খেলছিল শিশুটি। এ সময় অভিযুক্ত ছানোয়ার তাকে ডেকে ঘরে নিয়ে যায়। পরে নুরুর সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দুই দিন পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা ধর্ষণের আলামত পান বলে পরিবার জানায়। পরে শিশুটি পরিবারের কাছে অভিযুক্তদের নাম প্রকাশ করে বলে অভিযোগ।

পরিবারের দাবি, স্থানীয় প্রভাবশালী কয়েকজন বিষয়টি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করেন এবং টাকার বিনিময়ে সমাধানের প্রস্তাব দেন। রাজি না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন