রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগেও তিনি এই পদে দায়িত্বরত ছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন এই আদেশের ফলে তিনি পুনরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 'সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরে তাকে সরিয়ে দিয়েছিল।



