নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলন, যন্ত্রপাতি জব্দ ও জরিমানা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে এক ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। আইনটির ধারা ৪(খ) অনুযায়ী এ অপরাধ দণ্ডনীয় হওয়ায় ধারা ১৫(১) অনুসারে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং পুনরায় অপরাধে ব্যবহার রোধে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিনিথিয়া হোসেন। তিনি বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্তসহ স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
এছাড়া, অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



