বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তিন সদস্যকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
নাইক্ষ্যংছড়ি থানা ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি সদস্যরা তাদের আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আল বলেন,, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরো বাড়ানো হয়েছে।



