দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দাউদকান্দি পৌর এলাকার বলদাখাল এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ হওয়ায় জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।



