হাটহাজারীতে জমির টপসয়েল কাটার দায়ে জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলই ইউনিয়ন ধলইপুল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, কৃষিজমির টপসয়েল কর্তনের সংবাদ পেয়ে গভীর রাতে উক্ত এলাকায় পৌঁছানোর আগেই অপরাধীরা খবর পেয়ে পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে নিয়ে মো. জুয়েল মিয়া নামে এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকেন যা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন।
তাছাড়া কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



