রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের ছেলে রবিন ও একই এলাকার নবীর মন্ডলের ছেলে জিয়াউল রহমান।
র্যাব জানায়, ভারতের সীমান্তবর্তী রাজশাহী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ এই চক্রের সদস্যরা মাদক কারবার করে আসছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য স্কাফের চালান নিয়ে ঢুকেছে।
এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।



