Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, আহত ২০

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

সোনারগাঁয়ে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি লুটে বাধা দেওয়ার ঘটনায় হামলা ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাটি কাটতে গ্রামবাসী বাধা দিলে হামলা করে মাটি লুটে জড়িতরা। হামলায় ২০জন আহত হয়েছেন।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী বানিয়াপাড়া এলাকা ইট ভাটা নিকটবর্তী হওয়ার কারণে স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ওই গ্রামের সাধারণ কৃষকের জমির মাটি প্রতিদিন জোরপূর্বক রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে। শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় জমির মালিকদের ওপর হামলা করে মাটি কাটা চক্রের সদস্যরা।

এতে আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও কবির হোসেনসহ ২০জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলায় আহত কবির বলেন, কাজহরদী এলাকার স্থানীয় প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক রাতের আধারে লুট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এলাকায় সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে। আবার বাধ্য হয়ে অনেকের জমির মাটি বিক্রি করতে হচ্ছে। 

তিনি আরও বলেন, একজনের কৃষি জমির মাটি ক্রয় করে গভীরভাবে ভেকু দিয়ে কেটে নিয়ে পার্শ্ববর্তী জমি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। গত শনিবার তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা করে। 

আব্দুল আলী নামের এক কৃষক দাবি করেন, মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহারা দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার কারণে অনেক কৃষক বাধ্য হয়ে ওই জমির মাটি তাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আবু হানিফের অধীনে চাকরি করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন। হামলার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন। রাতে মাটি কাটার সময় আকতারের নেতৃত্বে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়। তবে আকতার তাদের মাটি কাটার জমিতে চাঁদা দাবি করেছেন। না দেওয়ায় কৃষকদের নিয়ে বাধা দিয়েছে।  

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করে কৃষকের জমির মাটি লুট করার ঘটনার সত্যতা পেয়েছি। 

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, কৃষি জমির মাটি কাটতে বাধা দেওয়ায় হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন