সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা সজাগ রয়েছি। কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদী বড় বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা চাই মানুষ শান্তিতে রোজা পালন করুক। আমি ভোক্তা অধিকার ও প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছি, নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে যাতে কেউ সাধারণ মানুষের পকেট কাটতে না পারে।
এর আগে নরসিংদী বড় বাজারের বিভিন্ন আড়ৎ ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং পণ্য সামগ্রীর দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মনিটরিং চলাকালে তিনি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ জেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



