স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্য মন্ত্রী
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরণ হবে। তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার উর্দ্ধে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোন অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি একাত্ত্বতা পোষণ করে বলেন, আপনারা দোয়া করবেন। যাতে দ্রুত মেডিকেল কলেজ নরসিংদীতে করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতাল সহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালো হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিও ইউনিটের ব্যবস্থা করা হবে।
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-নেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পরই প্রথমেই তিনি তার নিজ জেলা নরসিংদীতে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মনোহরদী-বেলাবসহ নরসিংদী জেলাবাসী।



