Logo
Logo
×

সারাদেশ

রমজানে বগুড়ায় ৬৩০ টাকায় গরুর মাংস, দুই ঘণ্টায় বিক্রি শেষ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

রমজানে বগুড়ায় ৬৩০ টাকায় গরুর মাংস, দুই ঘণ্টায় বিক্রি শেষ

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে বগুড়ায় কেজি প্রতি ৬৩০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় শহরের শহীদ খোকন পার্ক-এর সামনে এ কার্যক্রম শুরু হয়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই দুটি গরুর প্রায় ১০ মন মাংস বিক্রি শেষ হয়ে যায়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তুলনামূলক কম দামে মাংস বিক্রির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। আড়াইশো গ্রাম থেকে সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত নিজের প্রয়োজন অনুযায়ী মাংস কেনার সুযোগ ছিল। ফলে স্বল্প আয়ের ক্রেতারাও সাধ্যের মধ্যে মাংস সংগ্রহ করতে পেরেছেন।

বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর-এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের অনুমতিক্রমে এ আয়োজন করা হয়। গ্রোআপ মিট প্রজেক্টের সহযোগিতায় তাদের খামারে লালন-পালন করা দুটি গরু জবাই করে সরাসরি বিক্রি করা হয়।

গ্রোআপ মিট প্রজেক্টের ফিল্ড অফিসার জিহাদ জানান, প্রাকৃতিক খাবার দিয়ে খামারে গরু লালন করা হয় এবং সেখান থেকেই গরু এনে সরাসরি বিক্রি করা হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান বলেন, রমজান মাসজুড়ে প্রতি শুক্রবার একইভাবে গরুর মাংস বিক্রির পরিকল্পনা রয়েছে। সব শ্রেণির মানুষ যাতে সাশ্রয়ী দামে ও নিজের চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বগুড়া জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, বাজারদরের চেয়ে কম দামে ইচ্ছামতো ওজনে মাংস বিক্রির এ উদ্যোগ সময়োপযোগী। এতে সাধারণ ক্রেতারা সরাসরি উপকৃত হচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন