সীমান্তে চোরাকারবারির সঙ্গে বিজিবির গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি স্থানে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এসব অভিযানে পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিকেলে বিজিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হলে সীমান্ত পেরিয়ে আসা সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারি সদস্যদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম বলেন, এর আগের হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।



