Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রিপল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

বগুড়ায় ট্রিপল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ছবি : সংগৃহীত

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ফাহিমকে হত্যা এবং ঝোপগাড়ী গ্যারেজে আলিফকে জবাই করে হত্যাসহ বগুড়ায় টানা তিন দিনে তিনটি খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলা সমন্বয়ক  জিন্নাতুল ইসলাম জিন্না। বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি নিয়তি সরকার নিতু এবং নিহত আলিফ ও ফাহিমের পরিবারের সদস্য মিতু ও মেহেদীসহ অনেকে।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে জানমাল ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু জাতীয় নির্বাচনের পর গত তিন দিনে বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে ফাহিমকে হত্যা, ঝোপগাড়ী এলাকায় গ্যারেজে আলিফকে জবাই করে হত্যা এবং হরিজন কলোনিতে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়েছে।

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার জরুরি হলেও সরকার ও প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নেতৃবৃন্দ অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফাহিম ও আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

তবে বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন আশ্বস্ত করে জানিয়েছেন, প্রতিটি ঘটনার পেছনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, তদন্তে অগ্রগতি আছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন