সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চার জনসহ ৫ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুরের দুই শিশুসহ চার সদস্য রয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) ও বাবর (৩০)। একই ঘটনায় এই পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম বলেন, আমার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।
নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সৌদিপ্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমরা সার্বিক সহযোগিতা করব।



