Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরও বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা তা নিশ্চিত হতে এবং বিস্তারিত তদন্তের জন্য রাজশাহী থেকে র‍্যাব-৫ এর বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, আহত বা নিহতদের রাজনৈতিক পরিচয় আছে কিনা তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানানো যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। ককটেল প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুইজন নিহত হন। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন