বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্না পেলেন মাত্র ৩৪২৬ ভোট, হারালেন জামানত
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মাত্র ১ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এই আসনে মোট ১১৫টি কেন্দ্রে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮০২জনের শতকরা ১ দশমিক ৪ শতাংশ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন।
সেই হিসাবে বগুড়া-২ আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৪ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী এই আসনে জয়লাভ করেছেন
বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
বগুড়া-২ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭২ দশমিক ৬৩ শতাংশ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি আসনটি ছাড়েনি। মূলত ওই আসনে প্রথমে মান্নার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। শুরুতে বিএনপি প্রার্থী না দিলেও ইসির ওই সিদ্ধান্তের পর সে আসনে প্রার্থী দেয় দলটি। পরবর্তিতে সে আসনে প্রার্থিতা টিকে যায় মান্নার। কিন্তু ততদিনে বিএনপিও প্রার্থী দিয়ে দেয়।
পরে বগুড়া-২ আসন ও ঢাকা ১৮ আসন দুটুতেই অংশ নেওয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি। উভয় আসনেই চালিয়েছেন নির্বাচনি কার্যক্রম। কিন্তু শেষ মুহূর্তে ৮ ফেব্রুয়ারী রাতে ঢাকা-১৮ আসন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না।



