নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিজয়
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে নরসিংদীর ৫ টি সংসদীয় আসনের ৬টি উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্য্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস জাতীয় বীর খায়রুল কবির খোকন ধানের শীষের প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ১৪২ কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮২ ভাগ। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ধানের শীষের প্রতীক নিয়ে ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মোঃ গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এ আসনে ৯১টি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫৫ ভাগ। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯জন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষের প্রতীক নিয়ে ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে ১০১টি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৬১ ভাগ। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯জন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল ধানের শীষের প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৫ হাজার ৩৯৫ ভোট। এ আসনে ১৬২টি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫৩.০৬ ভাগ। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫জন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ১৬৭টি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৫ ভাগ। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩জন।



