Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ছাত্রশিবিরের জেলা সভাপতির ওপর বিএনপির হামলা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

রূপগঞ্জে ছাত্রশিবিরের জেলা সভাপতির ওপর বিএনপির হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৩৯ নম্বর চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন দলীয় কাজে চারিতালুক এলাকায় অবস্থান করছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপির লোকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রশিবিরের সভাপতিকে সেনাবাহিনীর লোকেরা উদ্ধার করে নিয়ে যায়। 

ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো উসকানি ছাড়াই বিএনপির নামধারী একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। তাদের অভিযোগ এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং সাংগঠনিক কার্যক্রমে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশে অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন এবং উৎসুক জনতা আশেপাশে ভিড় করছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন বলেন, সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন কোনো উসকানি ছাড়াই বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান বলেন, আমরা একটি বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই ভোটকেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং একজন দলীয় সমর্থক মারধরের শিকার হয়েছেন। তথ্যটি পাওয়া মাত্রই সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমরা সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ দলসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা যখন পৌঁছাই, তখন ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে কথা বলি। তিনি প্রতিপক্ষ দলের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন। 

তিনি আমাদের কাছে শুধু একটি অনুরোধই করেছিলেন, যাতে তিনি এই এলাকা থেকে নিরাপদে বের হয়ে যেতে পারেন এবং পথে আর কোনো হামলার শিকার না হন। ​আমরা তাৎক্ষণিকভাবে তার নিরাপদ প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছি। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে এবং নিয়ম অনুযায়ী ভোট গণনা চলছে। এখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, আমরা হামলার খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন