Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিলেন ড. আব্দুল মঈন খান

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিলেন ড. আব্দুল মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।

সকালে পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়  নিজ কেন্দ্রে ভোট দেন ড. আব্দুল মঈন খান। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন।

অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ভোট প্রদান শেষে তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সার্বিক পরিবেশ ছিল শান্ত।

এছাড়া একইদিন সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় ১ হাজার ৫ শত পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া জেলাজুড়ে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন।

তিনি আরও জানান, চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টাল ভোট ব্যতীত জেলার ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে, সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন