বগুড়ার সাতটি আসনে আড়াই ঘন্টায় ভোট পড়েছে ১৮.৩৬ শতাংশ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
বগুড়ার সাতটি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।
তিনি জানান, বগুড়া-১ আসনে ১৮ দশমিক ৫ শতাংশ, বগুড়া-২ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৩ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ১৮ শতাংশ, বগুড়া-৫ আসনে ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে ১৯ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ১৭ শতাংশ ভোট পড়েছে৷ এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
এদিকে৷ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অপেক্ষা করেন।
বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। জেলার সাতটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সাতটি আসনে মোট ভোটকেন্দ্র ৯৮৩টি। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী।
জেলা নির্বাচন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতটি আসনের ৯৮৩টি কেন্দ্রের মধ্যে ৫০০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ, ৩১০টি ঝুঁকিপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্র।
উপজেলা ভিত্তিতে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি শাজাহানপুরে—৪৬টি। এছাড়া কাহালুতে ৩১টি, শেরপুরে ৩০টি, শিবগঞ্জে ২৬টি, আদমদীঘিতে ১৬টি, সারিয়াকান্দিতে ১৫টি, ধুনটে ১২টি, দুপচাঁচিয়ায় ছয়টি, বগুড়া সদরে পাঁচটি, সোনাতলায় দুটি এবং গাবতলীতে একটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে আড়াই হাজারের বেশি পুলিশ, সাড়ে ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য, ২৪ প্লাটুন বিজিবি, দেড় হাজারের বেশি সেনাসদস্য এবং আড়াইশোর বেশি ব্যাটালিয়ন আনসার। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।



